Tuesday, May 5, 2009

Rain বৃষ্টি

কখনো রাতের ঝড়,

সুপারির পাতা চিরে

আমার জীবন ছুঁয়ে চলে ৷

কখনো বা বিদ্যুৎ,

মেঘের বুকেতে নাচে

হৃদয় আমার আজ বেপরোয়া হয় ৷

রাতের বুকেতে আমি

কান পেতে শুনে চলি

সুপারির ফুল ঝরে পড়ে

বাতাসের বুকে শুনি,

করুণ বাঁশির সুরে

অশরীরি প্রেমের বিলাপ ৷

এখনো রাতের কাছে

বৃষ্টির খোঁজ করি,

আকাশের হই মুখোমুখি

প্রথম জলের ফোঁটা

মাটির বুকেতে পড়ে,

সোঁদা ঘ্রাণে বেঁচে উঠি

আজও হই প্রেমেতে বিভোর

বুকে নিয়ে চলি আজও

সহস্র গোলাপের কাঁটা,

শেষ ঘুমে শুয়ে পড়ি

হৃদয় আমার আজ বেপরোয়া হয় ৷৷

Sunday, May 3, 2009

Love প্রেম

বৃষ্টিতে ভিজে যাওয়া পাইনের মত,

পঁচিশে বৈশাখে আমি একাকী ভীষণ

চোরাঘূর্ণির মত পাড় ভেঙে চলা

প্রেমে উদ্বেল আজ নদীর জীবন ৷

ভাঙন এগিয়ে চলে বরাকের

বুকে লিখি অজ্ঞাত জীবনের গান,

অনন্ত প্রেমিকার সবুজ চোখেতে খুঁজি

ভালোবেসে বাঁচবার শেষ পরিণাম ৷৷

Saturday, May 2, 2009

This World এইখানে…

এখনও এইখানে আকাশ নীল,

এখনও বরাকের বুকে রূপোর আস্তরণ

সীমান্তে শাদা আকাশের গা

ফিনিক্সের স্বপ্ন এখনও এইখানে

আমাদের সহজ জীবন ৷

এখনও এইখানে ভাঙা দিন ছুঁড়ে ফেলে

ঘুম দিই চরম উদাসীন,

মাঝপথে ধুত্তেরি বলে দিয়ে এখনো যে

হেঁটে যাই আকাশের পথে

হঠাৎ মোড় ফিরিয়ে নতুনের কাছাকাছি

আরো চলে যাই ৷

বুঝি, এখনও যে এইখানে পৃথিবীর কাছে

আমরা শিশুই হাতে হাত ধরি,

পথ ভাঙি, খেলাছলে

গড়ে তুলি সৃষ্টির নীড় ৷

এখনও যে এইখানে

Sometimes কখনো

কবি কি চায় তা অজ্ঞাত

কখনো তার কাছে সুখ এক

ভঙ্গুর জীবনের পদক্ষেপ,

কখনো মৃত্যু তার কাছে রূপক জীবন ৷


মানুষ কি চায় তা অজ্ঞাত

কখনো পথ চলা এক

ছিন্ন কোলাজ,

কখনো প্রাপ্তি এক নৈরাশ্যের পৃথিবী ৷


কাব্য কি চায় তা অজ্ঞাত

কখনো তার প্রকাশ

মনের অক্ষর ছুঁয়ে,

কখনো সে এক নির্বাসিত আকাশ ৷


আমি কি চাই তা অজ্ঞাত

কখনো সমৃদ্ধি যেন

ভিন্ন জীবনের হাতছানি

কখনো প্রেম বিদ্রোহ অবচেতনায় ৷৷

Nirvana নির্বাণ

উন্মাদ জীবনের শিখর রয়েছে ঢাকা

আরো এক জীবনের নির্যাস অনুসন্ধানে ৷

বিবর্ণ প্রেমিকেরা বুঝি আজো কবি রয়ে যায়

পুন্যতোয়ার খোঁজে মুক্তির কঠিন বাঁধনে ৷

মূকসঙ্গীত কোনো, জীবনের ভেঙে যাওয়া ঘাটে

ভীষণ উতল যেন ভেঙে ফেলে নিয়মের দ্বার

নিস্তাপ রৌদ্রের বুকে পুন্যতোয়ার খোঁজ

বিষন্ন প্রেমিকের শেষ অধিকার ৷

সুনীল আকাশ ছুঁয়ে নিঃস্ব পাখীর মতো

চলাচল সুরম্য নয় জানি পথ পৃথিবীর ৷

তবুও ঋদ্ধ কবি আবিল সমাজ ফেলে

পুন্যতোয়ার স্রোতে ভাসে তার প্রতীকী শরীর ৷৷