Monday, April 5, 2010

Tale of Mystic Minstrels বাউলের কথা

মানুষ - মানুষ খোঁজে, আমি খুঁজি বাউলের মন
কোথায় ধূলোর রেখা এঁকে গেছে লালনের সুর,
কোথায় পানসি বেয়ে চলেছে যে আমার হাসন ৷৷

মানুষ আকাশ খোঁজে, আমি খুঁজি অসীমের ধারা
কোথায় ক্লান্তি মুছে গোধূলির রক্তিম রূপে,
কোথায় দূরের দেশে পাড়ি দেয় মন বলাকারা ৷৷

মানুষ জীবন খোঁজে, আমি খুঁজি জীবনের গান
কোথায় জটিল পথে সকল কুয়াশা মুছে ফেলে,
কোথায় সহজ ছবি এঁকে যায় মুশকিল আসান ৷৷

Sunday, January 3, 2010

Awakening বোধ

রিক্ত অনেক তবু স্বয়ম্ভূ আমি এই পথে,
অনাম্নী নিশানায় সুস্থির আমার নয়ন
আদিম ছন্দ ছুঁয়ে আমার প্রাপ্তি মহাকাল,
দিক দ্রষ্টার মত করেছি এ স্বপ্ন চয়ন ৷

মানুষ - মানুষ খোঁজে, আমি খুঁজি বাউলের পথ
মেঠো পথে কুয়াশায় সন্ধ্যের হিমেল আঁধারে,
জটিল - জটিলতরো জীবন কাব্য মুছে ফেলে,
সব বাধা ভেঙে দিয়ে সৃষ্টির এই সংসারে ৷

অলীক ধাঁধার মত সময়ের ঘূর্নির বুকে
ভাসিয়েছি অক্লেশে, চেতনার শেষ সাম্পান
কালপুরুষের মত ভাস্বর বোধটুকু নিয়ে
রিক্তের সম্পদে পথ চলা চির অম্লান ৷

Tuesday, September 8, 2009

Forbidden Friar নিষিদ্ধ পরিব্রাজক

বেঁচে আছি দিনান্তে নিস্তাপ মানসিকতায়,

এই পথে দেখে গেছি রিক্ত নদীর এক ছবি,

সন্ধান করে গেছি নির্বান এই জীবনের

বিবর্ণ বিকেলের মুখোমুখি আজ শুধু কবি ৷

বিস্তৃত হতে চেয়ে বন্ধন গেছে আজ সরে,

আয়নায় আজ শুধু নির্বাক দিগন্ত ভাসে

নিষিদ্ধ মন আজ ঋদ্ধ হৃদয়টুকু নিয়ে

কাঁচের গোলক ভেঙে নদীর আপন হয়ে আসে ৷

এই পথ হয়তো বা শেষ হবে, হবে অম্লান

একদিন হয়তো বা মুছে যাবে জটিল কুয়াশা

নক্ষত্রের খোঁজ শেষ হবে এই দুই চোখে,

সমাপ্তি অভিমুখে শেষ হবে জীবন ধোঁয়াশা ৷

Monday, September 7, 2009

Twilight সন্ধ্যা

আলো আঁধারের খেলা আজ এই পাহাড়ের পথে,

নুয়ে পড়ে আবছায়া ঘেঁষে থাকা পাইনের বন ৷

দিগন্তে দূরাশার মসৃন নীলচে আকাশ,

ঘোরালো পথের মুখে এইখানে আমরা দুজন


হয়তো অনেক দূরে আসন্ন সন্ধ্যের বুকে,

নির্ম্মম সত্যটি ধ্রুবতারা হয়ে জেগে থাকে ;

মুছে যাওয়া কালবেলা বুকে নিয়ে ভেসে থাকে চাঁদ,

সৃষ্টির উদ্যানে হেমন্ত শেষ ছবি আঁকে ৷


পার হয়ে যাওয়া পথে ধূলো মেখে শুয়ে থাকে ঘাস,

পাকদন্ডীর বুকে অশরীরি মেঘেদের ঘুমে,

আদিম পাহাড় জুড়ে রাত্রির ধীর আবাহন

পরিযায়ী মন আজ ছুটে চলে বিপুল অসীমে ৷৷

Wednesday, August 19, 2009

Inner Strife অন্তর্দ্বন্দ্ব

হয়তো জীবন হীরের চেয়েও দামি

নয়তো জীবন নিছক শোক গাথা


হয়তো জীবন শিশির ভেজা প্রেম

নয়তো জীবন জীর্ণ ঝরা পাতা


হয়তো জীবন স্বপ্ন বোনার কাঠি

নয়তো জীবন পদ্মপাতায় জল


হয়তো জীবন আলোর দিকে চলা

নয়তো জীবন বাঁচতে চাওয়ার ছল ৷৷